চুক্তি
এই শর্তাবলি আপনার — নিজের জন্য ব্যবহার করুন বা কারও পক্ষ হয়ে — আর Sigmative LLC-এর মধ্যে একটি চুক্তি। Sigmative LLC-ই Eaipe তৈরি করে ও চালায়। এখানে “আমরা” বলতে Sigmative LLC, আর “আপনি” বলতে যিনি সেবাটি ব্যবহার করছেন।
“সেবা” বলতে অ্যান্ড্রয়েডের Eaipe অ্যাপ, ভবিষ্যতের iOS অ্যাপ, এই ওয়েবসাইট আর এদের সাথে যুক্ত সবকিছু। অ্যাপ ইনস্টল করে, অ্যাকাউন্ট খুলে বা ওয়েবসাইট ব্যবহার করে আপনি নিশ্চিত করছেন যে এই শর্তাবলি পড়েছেন ও মেনে নিয়েছেন। মেনে নিতে না চাইলে অনুগ্রহ করে সেবাটি ব্যবহার করবেন না।
আরও দুটি পাতা এই চুক্তিরই অংশ: প্রাইভেসি পলিসি — আপনার তথ্যের কী হয়, আর রিফান্ড পলিসি — টাকা ফেরতের নিয়ম। কোনো অফার বা ফিচারের সাথে আলাদা নিয়ম দেওয়া থাকলে সেটিও তার ক্ষেত্রে প্রযোজ্য।
কারা ব্যবহার করতে পারবেন
Eaipe ১৩ বছর বা তার বেশি বয়সীদের জন্য। আপনার বয়স ১৮-র কম হলে — বা আপনার দেশে প্রাপ্তবয়স্ক হওয়ার বয়সের কম হলে — কেবল বাবা-মা বা অভিভাবকের অনুমতি নিয়ে এবং তাঁদের তত্ত্বাবধানেই ব্যবহার করতে পারবেন।
এছাড়া এই শর্তাবলি মেনে নেওয়ার আইনি সক্ষমতা আপনার থাকতে হবে, আর আপনার দেশের আইনে এই সেবা ব্যবহারে কোনো নিষেধ থাকা চলবে না।
আপনার অ্যাকাউন্ট
Eaipe ব্যবহার করতে একটি অ্যাকাউন্ট লাগে। অ্যাকাউন্ট খুলে আপনি কথা দিচ্ছেন যে—
- আপনার দেওয়া তথ্য — নাম, ফোন নম্বর, ইমেইল — সত্য, আর দরকার হলে আপনি সেগুলো হালনাগাদ রাখবেন।
- ফোন নম্বরটি আপনার নিজের, আর অ্যাকাউন্টটি শুধু আপনার। এটি অন্য কাউকে বিক্রি, ভাগ বা হস্তান্তর করা যাবে না।
- পাসওয়ার্ড নিজের কাছেই রাখবেন। অ্যাকাউন্টে যা ঘটে তার দায় আপনার — তাই অন্য কেউ ঢুকেছে মনে হলে সাথে সাথে পাসওয়ার্ড বদলে আমাদের জানান।
- অ্যাপটি আপনি নিজে ব্যবহার করবেন — বট, স্ক্রিপ্ট বা অন্য কোনো স্বয়ংক্রিয় উপায়ে নয়।
- বেআইনি কোনো কাজে সেবাটি ব্যবহার করবেন না, আর আপনার ব্যবহার আপনার ওপর প্রযোজ্য কোনো আইন ভাঙবে না।
অ্যাকাউন্টের নাম আপত্তিকর বা বিভ্রান্তিকর হলে, কিংবা তাতে অন্য কেউ সেজে থাকার চেষ্টা থাকলে, আমরা তা বদলে দিতে বা সরিয়ে দিতে পারি।
ক্রেডিট ও পেমেন্ট
Eaipe-এ ছবি তৈরির খরচ মেটানো হয় ক্রেডিটে — কোনো সাবস্ক্রিপশন নেই। নিয়মগুলো এরকম:
-
দাম আগেই জানা যায়
প্রতিটি টেমপ্লেটের জেনারেট বোতামে লেখা থাকে কত ক্রেডিট লাগবে, আর প্রতিটি প্যাকেজের দাম দেখানো হয় পেমেন্টের আগেই। ক্রেডিট কাটা হয় কেবল জেনারেট চাপলে।
-
ফ্রি ক্রেডিট
নতুন অ্যাকাউন্টে রেজিস্ট্রেশনের সময় ফ্রি ক্রেডিট দেওয়া হয়, প্রোফাইল পূর্ণ করলে আরও কিছু — কতটা, তা অ্যাপেই দেখানো থাকে। ফ্রি ক্রেডিট সবসময় কেনা ক্রেডিটের আগে খরচ হয়, আর এগুলো টাকায় বদলানো যায় না।
-
মেয়াদ নেই
ক্রেডিটের কোনো মেয়াদ নেই। খরচ না করা পর্যন্ত, বা অ্যাকাউন্ট মুছে না ফেলা পর্যন্ত, সেগুলো ব্যালান্সেই থাকে।
-
ক্রেডিট টাকা নয়
ক্রেডিট খরচ করা যায় শুধু Eaipe-এর ভেতরেই। এগুলো নগদ করা, অন্য অ্যাকাউন্টে পাঠানো বা বিক্রি করা যায় না; টাকা ফেরত আসে কেবল রিফান্ড পলিসি অনুযায়ী।
-
ব্যর্থ জেনারেটে খরচ নেই
জেনারেট ব্যর্থ হয়ে কোনো ছবি না এলে, তার জন্য কাটা ক্রেডিট স্বয়ংক্রিয়ভাবে ব্যালান্সে ফিরে আসে।
-
পেমেন্ট
বাংলাদেশে পেমেন্ট হয় SSLCommerz বা Moneybag-এর মাধ্যমে — bKash, Nagad, Rocket বা কার্ডে। বাংলাদেশের বাইরে পেমেন্ট হয় FastSpring-এ, ডলারে; ওই কেনাকাটায় বিক্রেতা FastSpring নিজেই, আর প্রযোজ্য ট্যাক্স চেকআউটেই যোগ হয়।
পেমেন্টের আগে অ্যাপ আপনাকে এই শর্তাবলি ও রিফান্ড পলিসি মেনে নিতে বলে। প্যাকেজ, দাম আর কোন টেমপ্লেটে কত ক্রেডিট লাগে — এসব সময়ের সাথে বদলাতে পারে; তবে ব্যালান্সে থাকা ক্রেডিট যেমন আছে তেমনই থাকে।
আপনার ছবি ও তৈরি করা ছবি
আপনি যে ছবি দেন, সেটি আপনারই থাকে। সেই ছবি প্রক্রিয়া করার অনুমতি আপনি আমাদের দিচ্ছেন — আমাদের সার্ভারে ও আমাদের সাথে কাজ করা AI মডেল সরবরাহকারীর কাছে — কেবল তিনটি কাজের জন্য: আপনার ছবি তৈরি করা, ফলাফলটি আপনার ক্রিয়েশন তালিকায় রাখা, আর সেবাটি চালানো। আপনার ছবি দিয়ে কখনো AI মডেল ট্রেনিং হয় না, বিজ্ঞাপন বা প্রচারেও ব্যবহার হয় না; বিস্তারিত আছে প্রাইভেসি পলিসিতে।
শুধু এমন ছবিই দেবেন যা ব্যবহারের অধিকার আপনার আছে: নিজের ছবি, বা এমন কারও ছবি যিনি এতে সম্মতি দিয়েছেন। শিশুর ছবির ক্ষেত্রে লাগবে তার বাবা-মা বা অভিভাবকের অনুমতি। যা আপলোড করবেন, তার দায় আপনার।
তৈরি করা ছবি আপনি রাখতে, নামাতে আর শেয়ার করতে পারবেন — যতক্ষণ ব্যবহারটা আইনসম্মত ও এই শর্তাবলির মধ্যে থাকে। ছবির পেছনের টেমপ্লেট — তার ডিজাইন, স্টাইল আর প্রম্পট — আমাদেরই থাকে; দেখুন মেধাস্বত্ব অংশ।
AI-এর ফল নিয়ে কিছু কথা
- ফলাফল তৈরি করে একটি AI মডেল, তাই প্রতিবার হুবহু একই রকম হয় না। মুখ, ভঙ্গি বা খুঁটিনাটি ঠিক আপনার কল্পনামতো না-ও আসতে পারে।
- ফল অনেকটাই নির্ভর করে আপনার দেওয়া ছবির ওপর। পরিষ্কার, ভালো আলোয় সামনে থেকে তোলা ছবিতে ফল সবচেয়ে ভালো আসে; ছবি খুব ছোট হলে ক্রেডিট খরচের আগেই অ্যাপ সতর্ক করে দেয়।
- এই ওয়েবসাইটের নমুনা ছবিগুলো দেখায় টেমপ্লেট কেমন ছবি দিতে পারে। আপনার ছবিও হুবহু তেমন হবে — এমন প্রতিশ্রুতি সেগুলো নয়।
- AI দিয়ে তৈরি ছবি সত্যিকারের কোনো মুহূর্তের ফটোগ্রাফ নয়। একে কোনো বাস্তব ঘটনার প্রমাণ হিসেবে দেখাবেন না, বা কাউকে ঠকাতে ব্যবহার করবেন না।
কোনো ফল স্পষ্টতই নষ্ট এলে ছবিটি আমাদের পাঠান — কখন ক্রেডিট ফেরত দেওয়া হয়, তা লেখা আছে রিফান্ড পলিসিতে।
যা করা যাবে না
Eaipe যে কাজের জন্য তৈরি, সেই কাজেই ব্যবহার করুন। বিশেষ করে, নিচের কোনোটিই করবেন না:
- কারও সম্মতি ছাড়া তার ছবি, বা বাবা-মা কিংবা অভিভাবকের অনুমতি ছাড়া কোনো শিশুর ছবি আপলোড করা।
- কারও নগ্ন বা যৌন ছবি তৈরি করা। শিশুকে যৌনভাবে উপস্থাপন করে এমন যেকোনো কিছু সাথে সাথে সরিয়ে দেওয়া হয় এবং আইন প্রয়োগকারী সংস্থাকে জানানো হতে পারে।
- কাউকে হয়রানি, হুমকি, মানহানি বা অপমান করতে, কিংবা নিজেকে অন্য কেউ বলে দেখাতে কোনো ছবি ব্যবহার করা।
- মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে ভুয়া ছবি বানানো — মিথ্যা খবর, জাল কাগজপত্র, বা কোনো বাস্তব মানুষকে এমন কিছু করতে দেখানো যা তিনি কখনো করেননি।
- বেআইনি, ঘৃণা ছড়ায় বা সহিংস এমন কিছু, কিংবা ব্যবহারের অধিকার নেই এমন অন্যের কপিরাইট করা কাজ আপলোড করা।
- আমাদের লিখিত অনুমতি ছাড়া Eaipe, এর ক্রেডিট, টেমপ্লেট বা আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস কোথাও বিক্রি বা পুনর্বিক্রি করা।
- বারবার ফ্রি ক্রেডিট নিতে একাধিক অ্যাকাউন্ট খোলা, বা অফার ও কুপনের অপব্যবহার করা।
- আমাদের বা অন্য ব্যবহারকারীদের ঠকানো, প্রতারণা বা বিভ্রান্ত করা — বিশেষ করে কারও পাসওয়ার্ড বা অ্যাকাউন্টের তথ্য হাতানোর চেষ্টা।
- অ্যাপের নিরাপত্তা, পেমেন্ট বা প্রবেশাধিকারের নিয়ন্ত্রণ এড়ানো, বন্ধ করা বা তাতে হস্তক্ষেপ করা, কিংবা অ্যাপকে রিভার্স-ইঞ্জিনিয়ার করার চেষ্টা।
- টেমপ্লেট, ছবি বা অন্য কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে তুলে নেওয়া বা পদ্ধতিগতভাবে কপি করে নিজের সংকলন বা ডেটাবেস বানানো।
- কপিরাইট বা মালিকানার কোনো নোটিশ মুছে ফেলা, কিংবা এমনভাবে সেবাটি ফ্রেম বা লিংক করা যাতে মনে হয় এটি অন্য কারও।
- সেবাটি ব্যবহার করে বিজ্ঞাপন দেওয়া, স্প্যাম পাঠানো বা অন্য ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করা।
কেউ আপনার সম্মতি ছাড়া Eaipe-এ আপনার ছবি ব্যবহার করেছে মনে হলে আমাদের জানান। আমরা খতিয়ে দেখব, নিয়ম ভাঙে এমন সবকিছু সরিয়ে দেব, আর দরকার হলে অ্যাকাউন্টটিও বন্ধ করে দেব।
মেধাস্বত্ব
Eaipe যা দিয়ে গড়া — অ্যাপ ও তার কোড, টেমপ্লেট ও তার ডিজাইন, স্টাইল ও প্রম্পট, এই ওয়েবসাইট, এর লেখা, গ্রাফিক্স ও নমুনা ছবি, আর Eaipe নাম ও লোগো — সবকিছুর মালিক Sigmative LLC, অথবা এগুলোর লাইসেন্স তাদের কাছে আছে; আর এসব কপিরাইট, ট্রেডমার্ক ও অন্যান্য আইনে সুরক্ষিত।
এই শর্তাবলি অনুযায়ী নিজের ছবি তৈরির জন্য অ্যাপটি ব্যবহারের একটি ব্যক্তিগত, অহস্তান্তরযোগ্য অধিকার আমরা আপনাকে দিচ্ছি। এর বাইরে আমাদের লিখিত অনুমতি ছাড়া এর কোনো অংশ কপি, পুনঃপ্রকাশ, অনুবাদ, বিক্রি, লাইসেন্স বা অন্য কোনোভাবে বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না। আপনার তৈরি ছবির কথা এখানে নয়, বলা আছে আপনার ছবি ও তৈরি করা ছবি অংশে।
অফার ও প্রোমোশন
মাঝে মাঝে আমরা অফার চালাই — ছাড়ের প্যাকেজ, বোনাস ক্রেডিট, কুপন। প্রতিটি অফারের নিজস্ব নিয়ম অফারের সাথেই দেওয়া থাকে, আর অফারে অংশ নেওয়া মানে কোনো আপত্তি ছাড়াই সেই নিয়ম মেনে নেওয়া।
অফারে কেনা প্যাকেজের রিফান্ড চাওয়ার সময়সীমা সাধারণ কেনাকাটার চেয়ে কম। বিস্তারিত নিয়ম আছে রিফান্ড পলিসিতে।
সেবার দেখভাল
Eaipe সবার জন্য নিরাপদ ও সচল রাখতে আমরা — বাধ্য না হলেও — প্রয়োজনে যা করতে পারি:
- এই শর্তাবলি ভাঙা হচ্ছে কি না, সেদিকে নজর রাখা।
- শর্ত ভাঙে এমন ছবি বা অন্য কোনো কনটেন্ট আগাম নোটিশ ছাড়াই সরিয়ে দেওয়া।
- শর্ত ভাঙলে, বা কারও ব্যবহারে সিস্টেমে এমন চাপ পড়লে যাতে অন্যদের ক্ষতি হয়, তার প্রবেশাধিকার সীমিত বা বন্ধ করা।
- আইন বা এই শর্তাবলি ভাঙলে আইনি ব্যবস্থা নেওয়া।
- এছাড়া আমাদের অধিকার রক্ষা আর সেবা ঠিকঠাক চালু রাখতে যেভাবে দরকার, সেভাবে সেবা পরিচালনা করা।
অ্যাকাউন্ট স্থগিত বা বন্ধ
যতদিন Eaipe ব্যবহার করবেন, ততদিন এই শর্তাবলি বহাল থাকবে। আমরা নিজেদের বিবেচনায় কোনো অ্যাকাউন্ট স্থগিত বা বন্ধ করতে পারি, কিংবা কাউকে প্রবেশাধিকার দিতে অস্বীকার করতে পারি — বিশেষ করে এই শর্তাবলি বা আইন ভাঙলে। যুক্তিসঙ্গত হলে কারণটাও জানানো হবে।
নিয়ম ভাঙার কারণে বন্ধ হওয়া অ্যাকাউন্টের বদলে নতুন অ্যাকাউন্ট খোলা যাবে না — নিজের নামে, বানানো নামে বা অন্য কারও নামে, কোনোভাবেই না। প্রতারণা বা অপব্যবহারের কারণে বন্ধ হওয়া অ্যাকাউন্টের অবশিষ্ট ক্রেডিট ফেরত দেওয়া হয় না।
আপনি যখন খুশি Eaipe ব্যবহার বন্ধ করতে পারেন, আর অ্যাকাউন্ট মুছে ফেলার অনুরোধও করতে পারেন — কীভাবে, তা আছে প্রাইভেসি পলিসিতে। অ্যাকাউন্ট মুছলে অব্যবহৃত ক্রেডিটও চলে যায়, তাই সম্প্রতি ক্রেডিট কিনে থাকলে আগে রিফান্ড পলিসি দেখে নিন।
পরিবর্তন, বিঘ্ন ও দায়
Eaipe প্রতিনিয়ত বদলায়: নতুন টেমপ্লেট আসে, পুরনো সরে যায়, ফিচার যোগ হয় বা বাদ পড়ে, আর অফারের সাথে প্যাকেজ ও দাম বদলায়। সেবার যেকোনো অংশ — বা পুরোটাই — আমরা যেকোনো সময় বদলাতে, সাময়িক বন্ধ রাখতে বা একেবারে বন্ধ করে দিতে পারি; সম্ভব হলে অ্যাপে আগেই জানিয়ে দেওয়া হবে।
Eaipe চালাতে ইন্টারনেট লাগে, আর সার্ভার কখনো বিকল হয় বা রক্ষণাবেক্ষণের দরকার পড়ে। সেবা চালু রাখতে আমরা চেষ্টা করি, তবে এটি সবসময় চালু, ত্রুটিমুক্ত বা নিরবচ্ছিন্ন থাকবেই — এমন নিশ্চয়তা দিতে পারি না।
সেবাটি দেওয়া হয় “যেমন আছে তেমন” ভিত্তিতে। আইন যতটুকু অনুমতি দেয়, সেবার কোনো পরিবর্তন, দাম বদল, সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ হওয়া, কিংবা আপনার বা অন্যদের হাতে তৈরি ছবির ব্যবহারের জন্য আমরা আপনার বা অন্য কারও কাছে দায়ী থাকব না।
তবে ভোক্তা হিসেবে আইন আপনাকে যে অধিকার দেয় এবং কোনো চুক্তি দিয়েই যা বাদ দেওয়া যায় না, এখানকার কিছুই তা কেড়ে নেয় না।
শর্তাবলি বদলালে
অ্যাপ বা আইনে পরিবর্তন এলে আমরা এই শর্তাবলি হালনাগাদ করতে পারি, আর তখন উপরের তারিখটিও বদলায়। মাঝে মাঝে পাতাটি দেখে নেওয়া ভালো।
গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন — তৈরি ছবিতে আপনার অধিকার, ক্রেডিটের নিয়ম বা রিফান্ডের নিয়মে — কার্যকর হওয়ার আগেই অ্যাপে জানানো হবে। এরপরও Eaipe ব্যবহার চালিয়ে গেলে নতুন সংস্করণটি মেনে নিয়েছেন বলে ধরা হবে।